রাতে মেট্রোরেলের যাত্রার সময় বাড়ানোর উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। চলতি মাসের শেষ দিকে রাতে আরও দুটি ট্রেন যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। এতে ট্রেন চলাচলের বিরতি ২০ মিনিট থেকে কমে ৭ থেকে ৮ মিনিটে নামবে।
বুধবার (১২ আগস্ট) ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) মো. নজরুল ইসলাম বলেন, রাতে দুটি ট্রেন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। দিন-তারিখ শিগগিরই চূড়ান্ত করা হবে। ট্রেন বাড়লে দুই ট্রেনের বিরতিও কমে আসবে। আগামী মাসে রাতে মেট্রোরেলের সময় বাড়ানোর বিষয়েও কাজ চলছে।
কর্মকর্তারা জানিয়েছেন, আগামী সেপ্টেম্বর থেকে মেট্রোরেলের চলাচলের সময় আরও ২০ মিনিট থেকে আধা ঘণ্টা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। তখন রাত ১১টা পর্যন্ত শেষ ট্রেন চালানোর লক্ষ্য নেওয়া হয়েছে।
সময় বাড়াতে প্রয়োজনীয় চালক নিয়োগের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। নতুন অপারেটরদের প্রশিক্ষণ চলছে, যা ২৬ আগস্ট শেষ হওয়ার কথা। এরপর তাদের দিয়ে ট্রেন পরিচালনা শুরু হবে। পাশাপাশি রাতে চলাচলের সময় বাড়ানোর পর রক্ষণাবেক্ষণসহ অন্যান্য কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, তা নিয়েও পরীক্ষা-নিরীক্ষা চলছে।
বর্তমানে মতিঝিল থেকে উত্তরার উদ্দেশে শেষ ট্রেন ছাড়ে রাত সাড়ে ১০টায়। উত্তরা থেকে মতিঝিলের শেষ ট্রেন ছাড়ে রাত ৯টা ৫০ মিনিটে। কর্মকর্তারা বলছেন, লোকবল বাড়লে পর্যায়ক্রমে ট্রেনের সংখ্যা ও চলাচলের সময় আরও বাড়ানো সম্ভব। মেট্রোরেল কর্তৃপক্ষের সাড়ে তিন মিনিট পরপর ট্রেন চালানোর সক্ষমতা থাকলেও এতদিন লোকবলের সংকটে তা পুরোপুরি কাজে লাগানো যায়নি।
সময়ের আলো/এমকে