জুনে ক্রেডিট কার্ডে মোট খরচের অর্ধেকই সুপারশপ ও খুচরা দোকানে

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

দেশের মানুষের নিত্যদিনের কেনাকাটা ও জীবনযাত্রায় নগদ অর্থের পরিবর্তে কার্ড ও ডিজিটাল মাধ্যমে লেনদেনের প্রবণতা বাড়ছে। বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় পণ্য,

2026-08-12T20:35:47+00:00
2026-08-12T20:35:47+00:00
 
  বুধবার, ১২ আগস্ট ২০২৬,
২৮ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ১২ আগস্ট ২০২৬
অর্থনীতি
জুনে ক্রেডিট কার্ডে মোট খরচের অর্ধেকই সুপারশপ ও খুচরা দোকানে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৮:৩৫ পিএম 
প্রতীকী ছবি
দেশের মানুষের নিত্যদিনের কেনাকাটা ও জীবনযাত্রায় নগদ অর্থের পরিবর্তে কার্ড ও ডিজিটাল মাধ্যমে লেনদেনের প্রবণতা বাড়ছে। বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় পণ্য, প্রসাধনসামগ্রী ও গৃহস্থালি পণ্য কেনাকাটায় ডিপার্টমেন্টাল স্টোর ও সুপারশপে কার্ড ব্যবহারের প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগের হালনাগাদ তথ্যে দেখা গেছে, দেশের অভ্যন্তরে ক্রেডিট, ডেবিট ও প্রিপেইড কার্ডের ব্যবহার ধারাবাহিকভাবে বাড়ছে। জুন ২০২৫-এর তুলনায় জুন ২০২৬-এ দেশে ক্রেডিট কার্ডের লেনদেন বেড়েছে ৪৩ দশমিক ২৪ শতাংশ।

জুনে দেশে ক্রেডিট কার্ডের মোট লেনদেনের প্রায় অর্ধেক অর্থ ব্যয় হয়েছে ডিপার্টমেন্টাল স্টোরে। এতে বোঝা যায়, খাদ্যপণ্য, দৈনন্দিন মুদি পণ্য ও প্রসাধনসামগ্রী কেনাকাটায় ক্রেডিট কার্ডের ব্যবহার বাড়ছে।

বিদেশেও খুচরা কেনাকাটায় কার্ডের ব্যবহার বেশি

জুনে দেশের বাইরে ক্রেডিট কার্ডে ৫৫২ কোটি ৭০ লাখ টাকার লেনদেন হয়েছে। এর মধ্যে ৩৩ দশমিক ১০ শতাংশ ব্যয় হয়েছে ডিপার্টমেন্টাল স্টোরে। অন্যান্য খুচরা বিক্রয় প্রতিষ্ঠানে ব্যয় হয়েছে ১৭ দশমিক ৭১ শতাংশ।

বিদেশে ডেবিট ও প্রিপেইড কার্ড ব্যবহারের ক্ষেত্রেও ডিপার্টমেন্টাল স্টোরে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় হয়েছে। ডেবিট কার্ডে বিদেশে ৪২৩ কোটি ২০ লাখ টাকা খরচের মধ্যে ২০ দশমিক ৪০ শতাংশ এবং প্রিপেইড কার্ডে ৬১ কোটি ১০ লাখ টাকার মধ্যে ১৬ দশমিক ০৩ শতাংশ ব্যয় হয়েছে এসব দোকানে।


বদলাচ্ছে কেনাকাটার অভ্যাস

নগদ অর্থ বহনের ঝুঁকি এড়ানো, কার্ড ব্যবহারে পুরস্কার পয়েন্ট ও নগদ ফেরত সুবিধা এবং সুপারশপে একসঙ্গে প্রয়োজনীয় পণ্য কেনার সুযোগ গ্রাহকদের কার্ড ব্যবহারে উৎসাহিত করছে। ব্যাংকগুলোও বিভিন্ন ছাড় ও সুদমুক্ত কিস্তি সুবিধা দেওয়ায় এ প্রবণতা আরও বাড়ছে।

ফার্মগেটের একটি চেইনশপে কেনাকাটা করতে আসা বেসরকারি কর্মকর্তা অলিউল্লাহ নোমান বলেন, ‘পকেটে বেশি নগদ টাকা নিয়ে চলাফেরা করা ঝামেলার। সুপারশপে কেনাকাটা শেষে কার্ডে মূল্য পরিশোধ করা সহজ। মাস শেষে হিসাব দেখেও কোথায় কত টাকা খরচ হয়েছে তা জানা যায়।’

পাঁচ বছরে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি

গত পাঁচ বছরের তথ্যেও কার্ডভিত্তিক লেনদেনের বিস্তারের চিত্র পাওয়া যায়। এ সময়ে দেশে ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ড ইস্যুর সংখ্যা বেড়েছে প্রায় ৯৭ শতাংশ। একই সময়ে এসব কার্ডে মোট লেনদেনের পরিমাণ বেড়েছে প্রায় ৯১ শতাংশ।

এদিকে জুনে দেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের ক্রেডিট কার্ডে খরচও প্রায় ২৪ শতাংশ বেড়েছে। সব মিলিয়ে দেশে নগদ অর্থের পরিবর্তে কার্ড ও অন্যান্য ডিজিটাল মাধ্যমে লেনদেনের প্রবণতা দ্রুত বাড়ছে। এতে দেশের অর্থনীতি ধীরে ধীরে আরও নগদবিহীন লেনদেনব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে।


সময়ের আলো/এমকে


  বিষয়:   ক্রেডিট কার্ড  সুপারশপ  সময়ের আলো 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: