দুই দফা দাম বাড়ানোর পর বৃহস্পতিবার (১৩ আগস্ট) দেশের বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে সর্বশেষ নির্ধারিত দামেই। গত ১১ আগস্ট সর্বশেষ স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
বাজুসের নির্ধারিত দাম অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের গহনার দাম ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকা।
পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে বলে জানিয়েছে বাজুস। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি আলাদাভাবে প্রযোজ্য হবে।
বাজুস জানিয়েছে, স্বর্ণালঙ্কার ও রৌপ্যালঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। এ ছাড়া নির্ধারিত ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আগের নিয়ম বহাল থাকবে।
এর আগে গত ৮ আগস্ট দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়। সেদিন প্রতি ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়েছিল বাজুস। এরপর ১১ আগস্টও দাম সমন্বয় করা হয়।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের গহনার দাম ১০১ বার সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৫০ দফা দাম বাড়ানো হয়েছে, ৫০ দফা কমানো হয়েছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।
অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের গহনার দাম সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়েছিল।
সময়ের আলো/কেএইচও