নিজের নাম লিখে গুগলে সার্চ করতেই যদি মোবাইল নম্বর, ই-মেইল বা বাসার ঠিকানা দেখা যায়, তাহলে বিষয়টি শুধু অস্বস্তিকর নয়, নিরাপত্তার জন্যও ঝুঁকিপূর্ণ। এসব তথ্য প্রতারণা, পরিচয় চুরি ও হয়রানিতে ব্যবহৃত হতে পারে। তবে গুগল সার্চ থেকে নির্দিষ্ট কিছু ব্যক্তিগত তথ্য সরানোর আবেদন করা যায়।
যেসব তথ্য সরানোর আবেদন করা যায়
গুগলের নীতিমালার আওতায় পড়লে সার্চ ফলাফল থেকে বাসার ঠিকানা, মোবাইল নম্বর, ই-মেইল, ব্যাংক ও ক্রেডিট কার্ডের তথ্য, পাসপোর্ট বা পরিচয়পত্রের গোপন তথ্য, স্বাক্ষর, চিকিৎসাসংক্রান্ত নথি এবং ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড সরানোর আবেদন করা যায়। ব্যক্তিগত তথ্যের সঙ্গে হুমকি বা হয়রানির বিষয় থাকলেও তা জানানো সম্ভব।
তবে জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ, সরকারি বা শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইটের তথ্য সব ক্ষেত্রে সরানো নাও হতে পারে।
প্রথমে নিজের তথ্য খুঁজে দেখুন
গুগলে নিজের নাম লিখে সার্চ করুন। প্রয়োজনে নামের সঙ্গে মোবাইল নম্বর, শহর বা ঠিকানার অংশ যোগ করে অনুসন্ধান করুন। যেসব ওয়েবসাইটে ব্যক্তিগত তথ্য পাওয়া যাবে, সেগুলোর ঠিকানা সংরক্ষণ করে রাখুন।
Results about you ব্যবহার করুন
গুগলের Results about you সুবিধার মাধ্যমে নিজের নামের সঙ্গে যুক্ত ব্যক্তিগত তথ্য খুঁজে দেখা যায়। গুগল অ্যাকাউন্টে প্রবেশ করে এই সুবিধায় প্রয়োজনীয় তথ্য যুক্ত করলে সম্ভাব্য নতুন ফলাফল শনাক্ত করার ব্যবস্থাও চালু করা যায়।
কোনো ফলাফলে ব্যক্তিগত তথ্য পাওয়া গেলে সেটি নির্বাচন করে অপসারণের আবেদন করা যায়। গুগল আবেদন পর্যালোচনা করে অনুমোদন দিলে তথ্যটি সার্চ ফলাফল থেকে সরিয়ে দিতে পারে। কিছু ক্ষেত্রে শুধু আপনার নাম দিয়ে করা সার্চে ফলাফলটি দেখানো বন্ধ হতে পারে।
সার্চ ফলাফল থেকেই আবেদন
গুগলে সার্চ করার সময় ব্যক্তিগত তথ্যযুক্ত কোনো ফলাফল পাওয়া গেলে, ফলাফলের অতিরিক্ত বিকল্পে গিয়ে Remove result নির্বাচন করেও আবেদন করা যায়। এরপর ব্যক্তিগত তথ্য প্রদর্শনের কারণ নির্বাচন করে প্রয়োজনীয় তথ্য জমা দিতে হয়।
ওয়েবসাইট থেকে তথ্য মুছবে কে?
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, গুগল সার্চ থেকে কোনো ফলাফল সরালেও মূল ওয়েবসাইট থেকে তথ্যটি মুছে যায় না। তাই সম্ভব হলে সংশ্লিষ্ট ওয়েবসাইটের মালিক বা পরিচালকের সঙ্গে যোগাযোগ করে তথ্যটি সরানোর অনুরোধ করা উচিত।
ওয়েবসাইট থেকে তথ্য সরানোর পরও গুগলে পুরোনো ফলাফল দেখা গেলে সেটি হালনাগাদের জন্য গুগলের সংশ্লিষ্ট সুবিধা ব্যবহার করা যায়।
সতর্ক থাকুন
এক জায়গা থেকে তথ্য সরালেই ঝুঁকি শেষ হয় না। একই তথ্য অন্য ওয়েবসাইট বা সামাজিক যোগাযোগমাধ্যমে থাকলে তা আবারও খুঁজে পাওয়া যেতে পারে। তাই নিয়মিত নিজের নাম ও গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য দিয়ে গুগলে অনুসন্ধান করা ভালো। ব্যক্তিগত তথ্য অনলাইনে প্রকাশের আগে সতর্ক থাকাই সবচেয়ে কার্যকর সুরক্ষা।
সময়ের আলো/এমকে