অনেক অভিনয়শিল্পীই মূল পেশার বাইরে বিভিন্ন ধরনের কাজ করে থাকেন। কেউ করেন চাকরি, কেউ ব্যবসা। সেই ধারাবাহিকতায় এবার ব্যবসায় নাম লেখালেন ছোটপর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। যুক্ত হয়েছে গাড়ি ব্যবসার সঙ্গে। সম্প্রতি ‘স্পিডটাচ অটোস’ নামের গাড়ি বিক্রির প্রতিষ্ঠানের পরিচালক ও শেয়ারহোল্ডার হিসেবে দায়িত্ব নিয়েছেন এই অভিনেত্রী।
নতুন এই উদ্যোগ প্রসঙ্গে সামিরা খান মাহি বলেন, ‘আমার ভিশন, এনার্জি ও আইডিয়া দিয়ে এই কোম্পানির জার্নিতে অবদান রাখতে চাই। স্পিডটাচ অটোসের মাধ্যমে ব্র্যান্ড নিউ, রিকন্ডিশন্ড ও প্রি-ওউনড গাড়ির ক্ষেত্রে গ্রাহকদের জন্য আরও ভালো মান, সঠিক মূল্য ও প্রতিযোগিতামূলক সুযোগ তৈরি করাই আমাদের লক্ষ্য।’
ব্যবসায় যুক্ত হওয়ার পরিকল্পনা অবশ্য বেশ কিছুদিন ধরেই ছিল মাহির। অভিনয়ের পাশাপাশি আরও দুটি ব্যবসা নিয়ে পরিকল্পনা করছেন তিনি। এর মধ্যে প্রথম উদ্যোগ হিসেবে গাড়ি ব্যবসার সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলেন এই অভিনেত্রী।
মাহি বলেন, ‘অনেক দিন ধরেই অভিনয়ের পাশাপাশি ব্যবসা নিয়ে পরিকল্পনা করছিলাম। মূলত দুটি ভিন্ন ব্যবসার পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। প্রথমে আনুষ্ঠানিকভাবে গাড়ি ব্যবসার কথা সবাইকে জানালাম। আশা করছি, শিগগির অন্যটির খবরও জানাতে পারব।’
গত দুই বছর ধরে অভিনয়ে তুলনামূলক কম সময় দিচ্ছেন সামিরা খান মাহি। গল্প ও চরিত্র পছন্দ হলেই কেবল কাজ করছেন তিনি। বেছে বেছে কাজ করার এই সিদ্ধান্তের কারণেই অভিনয়ের পাশাপাশি বিকল্প আয়ের পথ তৈরি করতে চেয়েছেন মাহি।
তার ভাষায়, ‘দুই বছর ধরে কাজের সংখ্যা কমিয়ে দিয়েছি। তখন মনে হয়েছিল অভিনয়ের পাশাপাশি কিছু করা উচিত। অভিনয় তো আমার আর্নিং সোর্সের জায়গা। সেখানে আমাকে বেছে বেছে কাজ করার সিদ্ধান্ত নিতে হয়। কারণ, আমি সব কাজ করব না, গল্প ভালো লাগলেই করব। তাই রোজগারের জন্য আমাকে ভিন্ন কিছু ভাবতেই হবে। ভিন্ন আয়ের পথ থাকতে হবে। সে কারণেই ব্যবসার সঙ্গে যুক্ত হওয়া।’
এদিকে অভিনয়েও ব্যস্ততা রয়েছে মাহির। সম্প্রতি দুটি মিনি সিরিজে অভিনয় করেছেন তিনি। সিরিজ দুটির নাম ‘মায়ার সংসার’ ও ‘কর্মফল’।
মহিন খানের নির্মাণে ‘কর্মফল’ একটি পারিবারিক গল্পের সিরিজ। এতে মাহির সঙ্গে অভিনয় করেছেন দিলারা জামান, ইরফান সাজ্জাদ, মাহমুদুল ইসলাম মিঠু, আ খ ম হাসান, দীপা খন্দকার, মনিরা মিঠুসহ আরও অনেকে। অন্যদিকে মোহাম্মদ ওমর ফারুক নির্মিত ‘মায়ার সংসার’-এ মাহির সহশিল্পী হিসেবে রয়েছেন নাদের চৌধুরী, মনিরা মিঠুসহ অন্যরা। দুটি সিরিজই শিগগির ‘সিনেমাওয়ালা’ ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।
সময়ের আলো/টিকে