শিশুদের ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার বা প্রায় ৫ হাজার কোটি টাকা জরিমানা দিতে সম্মত হয়েছে টিকটক ও এর মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্স। যুক্তরাষ্ট্রে শিশুদের গোপনীয়তা নিয়ে করা মামলাগুলোর মধ্যে এটি অন্যতম বড় নিষ্পত্তি।
শনিবার (২২ আগস্ট) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
২০২৪ সালে টিকটক ও বাইটড্যান্সের বিরুদ্ধে মামলা করে মার্কিন বিচার বিভাগ। অভিযোগে বলা হয়, ১৩ বছরের কম বয়সী লাখো শিশুর ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছে টিকটক। একই সঙ্গে শিশুদের বয়স যাচাই এবং অভিভাবকের অনুমতি নেওয়ার ক্ষেত্রেও প্রতিষ্ঠানটি কার্যকর ব্যবস্থা নেয়নি।
মার্কিন বিচার বিভাগের অভিযোগ, এসব কর্মকাণ্ডের মাধ্যমে যুক্তরাষ্ট্রের শিশুদের অনলাইন গোপনীয়তা সুরক্ষা আইন ‘কপ্পা’ লঙ্ঘন করা হয়েছে।
চুক্তি অনুযায়ী, টিকটক ও বাইটড্যান্স প্রথমে মার্কিন বিচার বিভাগকে ৩০ কোটি ডলার দেবে। ২০১৯ সালে মার্কিন ফেডারেল বাণিজ্য কমিশনের সঙ্গে করা একটি সমঝোতা আদেশ প্রত্যাহার হলে আরও ১০ কোটি ডলার দিতে হবে।
যুক্তরাষ্ট্রের সহকারী অ্যাটর্নি জেনারেল ব্রেট শুমেট বলেন, মামলা শুরুর সময়ের তুলনায় বর্তমানে শিশু ও অভিভাবকেরা বেশি সুরক্ষা পাচ্ছেন।
এর আগে একই ধরনের অভিযোগে ইউটিউব ২০১৯ সালে ১৭ কোটি ডলার এবং এপিক গেমস ২০২২ সালে ২৭ কোটি ৫০ লাখ ডলার জরিমানা দিয়েছিল।
মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, মামলা হওয়ার পর টিকটকের গোপনীয়তা নীতি, মালিকানা কাঠামো এবং তরুণ ব্যবহারকারীদের জন্য নিয়ন্ত্রণ ব্যবস্থায় পরিবর্তন এসেছে। বর্তমানে যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রমের ৮১ শতাংশ একটি বিনিয়োগকারী জোটের মালিকানায় রয়েছে। বাইটড্যান্সের মালিকানা রয়েছে ১৯ শতাংশ।
সময়ের আলো/এমকে