যুক্তরাষ্ট্রের শিশুদের অনলাইন গোপনীয়তা সুরক্ষা আইন (কোপ্পা) লঙ্ঘনের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক ও এর মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের বিরুদ্ধে আনা মামলা নিষ্পত্তি হয়েছে। মার্কিন বিচার বিভাগের সঙ্গে চারশত মিলিয়ন (৪০ কোটি) ডলারের একটি বিশাল সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেছে কোম্পানি দুটি।
শুক্রবার (২১ আগস্ট) মার্কিন বিচার বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই জরিমানার বিষয়টি নিশ্চিত করে। চুক্তি অনুসারে, টিকটক তাৎক্ষণিকভাবে ৩০০ মিলিয়ন ডলার প্রদান করবে। বাকি ১০০ মিলিয়ন ডলার দেওয়া হবে যদি তাদের পূর্বসূরি প্রতিষ্ঠান মিউজিক্যালির বিরুদ্ধে থাকা পুরনো সম্মতিসূচক আদেশটি বাতিল হয়।
বিচার বিভাগ জানিয়েছে, শিশুদের তথ্যের গোপনীয়তা সংক্রান্ত মামলায় এত বড় অঙ্কের আর্থিক জরিমানা আদায়ের ঘটনা বিরল। যুক্তরাষ্ট্রের ‘কোপ্পা’ আইন অনুযায়ী, অভিভাবকের স্পষ্ট অনুমতি ছাড়া ১৩ বছরের কম বয়সী শিশুদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও ব্যবহার সম্পূর্ণ বেআইনি।
প্রসঙ্গত, ২০২৪ সালে যৌথভাবে মামলাটি দায়ের করে মার্কিন বিচার বিভাগ ও ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি)। অভিযোগে বলা হয়, কোটি কোটি শিশুর ব্যক্তিগত তথ্য তাদের মা-বাবার সম্মতি ছাড়াই ব্যবহার করেছে টিকটক। এমনকি শিশুদের জন্য সংরক্ষিত ‘কিডস মোডেও’ ই-মেইল ঠিকানাসহ স্পর্শকাতর তথ্য নেওয়া হয়।
পরবর্তীতে ২০১৭ সালে বাইটড্যান্স কর্তৃক সংগৃহীত ও টিকটকের সাথে একীভূত হওয়া মিউজিক্যালির বিরুদ্ধেও পূর্বের মামলা বিবেচনায় আনা হয়। তবে জরিমানার বিষয়ে টিকটক কর্তৃপক্ষের কাছ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সময়ের আলো/জেডি