জিম্বাবুয়েতে মিনিবাস ও পণ্যবাহী ট্রাকের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই একটি গির্জার সম্মেলনে যোগ দিতে যাত্রা করছিলেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।
শুক্রবার (২৮ আগস্ট) রাতে রাজধানী হারারে থেকে প্রায় ১৩২ কিলোমিটার দক্ষিণে চিভু শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশের প্রাথমিক তথ্যানুযায়ী, একটি ট্রাক অন্য একটি যানবাহনকে পাশ কাটিয়ে যাওয়ার (ওভারটেক) সময় বিপরীত দিক থেকে আসা মিনিবাসটির সঙ্গে সরাসরি সংঘর্ষ হয়। ধাক্কার পর মিনিবাসটিতে আগুন ধরে যায় এবং মুহূর্তেই সেটি সম্পূর্ণ পুড়ে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই ২৩ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজন মারা গেলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৭ জনে। এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন।
জিম্বাবুয়ে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, দেশটিতে সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ বেপরোয়া গাড়ি চালানো। এর সঙ্গে দুর্বল সড়ক অবকাঠামো এবং যানবাহনে অতিরিক্ত যাত্রী বহনের প্রবণতাও দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে।
চিভুর কাছে ঘটে যাওয়া দুর্ঘটনাটির প্রকৃত কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সময়ের আলো/এসএকে