ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন বন্ধে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার রোববার (৬ সেপ্টেম্বর) ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন।
ইউক্রেনে এটি উইটকফ ও কুশনারের প্রথম সরকারি সফর। কিয়েভ সফরের আগে শনিবার মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তিন ঘণ্টার বেশি সময় বৈঠক করেন তারা। তবে ওই বৈঠক থেকে যুদ্ধ বন্ধের বিষয়ে কোনো বড় অগ্রগতির ঘোষণা আসেনি।
কিয়েভে দুই দফা আলোচনার পর জেলেনস্কি বলেন, আলোচনার লক্ষ্য হলো একটি ন্যায়সঙ্গত ও ন্যায্য শান্তি প্রতিষ্ঠা করা, যাতে ভবিষ্যতে ইউক্রেনের বিরুদ্ধে আবারও আগ্রাসনের সুযোগ তৈরি না হয়।
বৈঠক শেষে উইটকফ বলেন, আলোচনা ছিল অত্যন্ত অর্থবহ, গুরুত্বপূর্ণ ও গঠনমূলক এবং তারা এতে উৎসাহিত হয়েছেন।
কুশনার জানান, প্রেসিডেন্ট ট্রাম্প শুধু বর্তমান যুদ্ধ কীভাবে শেষ করা যায় তা নয়, দীর্ঘস্থায়ী শান্তির জন্য প্রয়োজনীয় পরিবেশ কীভাবে তৈরি করা যায়, সেটিকেও গুরুত্ব দিচ্ছেন।
মস্কো বৈঠকে বড় অগ্রগতি নেই
শনিবার ক্রেমলিনে পুতিনের সঙ্গে উইটকফ ও কুশনারের বৈঠক তিন ঘণ্টারও বেশি সময় ধরে চলে। রুশ প্রেসিডেন্টের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ বৈঠকটিকে গঠনমূলক, খোলামেলা ও কার্যকর বলে বর্ণনা করলেও আলোচনার সুনির্দিষ্ট ফলাফল জানাননি।
তিনি বলেন, ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি নিয়ে মস্কোর সমন্বিত মূল্যায়ন তুলে ধরা হয়েছে। তবে আলোচনার বিষয় শুধু ইউক্রেন যুদ্ধের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক বিষয় এবং সম্ভাব্য যৌথ প্রকল্প নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।
আলোচনা চললেও হামলা অব্যাহত
কূটনৈতিক তৎপরতার মধ্যেই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে হামলা-পাল্টা হামলা অব্যাহত রয়েছে।
ইউক্রেনের জরুরি সেবা বিভাগ জানিয়েছে, রোববার ভোর পর্যন্ত বিভিন্ন অঞ্চলে রুশ হামলায় একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। জাপোরিঝঝিয়ায় ড্রোন হামলায় ৭৪ বছর বয়সী এক ব্যক্তি নিহত এবং তিনজন আহত হন। খমেলনিতস্কি অঞ্চলে একটি আবাসিক ভবনে ড্রোন হামলায় আরও সাতজন আহত হন।
ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাতভর রাশিয়ার ছোড়া ১০৮টি ড্রোনের মধ্যে ৮২টি এবং ছয়টি ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করেছে।
অন্যদিকে, রাশিয়ার বেলগোরোদ সীমান্ত অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় একজন নিহত ও একজন নারী গুরুতর আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, রাতভর ইউক্রেনের ২৫৮টি ড্রোন ভূপাতিত করেছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।
শান্তি আলোচনা নিয়ে ইউক্রেনে মিশ্র প্রতিক্রিয়া
কিয়েভে রোববার সকালে যুদ্ধের নিহত ইউক্রেনীয় সেনাদের স্মরণে দেশব্যাপী এক মিনিট নীরবতা পালন করা হয়। সেখানে অংশ নেওয়া ৬৭ বছর বয়সী নাটালিয়া লিপেই আশা প্রকাশ করেন, মস্কো ও কিয়েভে চলমান আলোচনা শেষ পর্যন্ত যুদ্ধ বন্ধে কার্যকর ফল আনবে।
তবে সবাই আলোচনার ব্যাপারে আশাবাদী নন। ২৭ বছর বয়সী ভিডিও সম্পাদক ওলেক্সান্দর পাস্তুখভ বলেন, এর আগেও অনেক প্রতিনিধিদল ইউক্রেনে এসেছে এবং যুদ্ধবিরতির উদ্যোগও ব্যর্থ হয়েছে। তাই নতুন এই সফর যুদ্ধের গতিপথ বদলাবে কি না, তা নিয়ে তিনি সন্দিহান।
এদিকে ভ্যাটিকানে রোববারের প্রার্থনায় পোপ লিও চতুর্দশ ইউক্রেনে শান্তির আহ্বান পুনর্ব্যক্ত করেন। সাম্প্রতিক কূটনৈতিক উদ্যোগগুলো যেন বাস্তব ফল এনে দেয় এবং আলোচনার মাধ্যমে শান্তির পথ তৈরি হয়, এমন আশা প্রকাশ করেন তিনি।
সময়ের আলো/ইউএমএইচ