নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামের এক স্বর্ণকার নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা ৬ ভরি স্বর্ণ ও নগদ ৭ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার দুলালপাড়া এলাকায় তার নিজ বাড়ির সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত অলিফ চন্দ্র দত্ত মহাদেবপুর উপজেলার দুলালপাড়া গ্রামের মৃত সুনিল চন্দ্র দত্তের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার রাত সাড়ে ৮টার দিকে মহাদেবপুর বাজারের নিজের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন অলিফ। রাত ৯টার দিকে বাড়ির সামনে পৌঁছামাত্র আগে থেকেই ওত পেতে থাকা দুর্বৃত্তরা পেছন থেকে তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে সজোরে আঘাত করে। তিনি মাটিতে লুটিয়ে পড়লে সঙ্গে থাকা প্রায় ৬ ভরি স্বর্ণ ও নগদ ৭ লাখ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। এটি নিছক ছিনতাই নাকি এর পেছনে অন্য কোনো শত্রুতা বা পূর্বপরিকল্পনা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
সময়ের আলো/জোই