হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নে ইয়াছমিন আক্তার (৩৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বেপারীপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ইয়াছমিন আক্তার রাউজান উপজেলার পূর্ব রাউজানস্থ কাজীপাড়া এলাকার কবির আহম্মদের কন্যা। সে কুমিল্লা জেলার দাউদকান্দি এলাকার প্রবাসী চিসতিয়াকের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কাজীপাড়ার মাহবুব আলমের বাড়িতে ভাড়াটিয়া হিসাবে বসবাস করতেন ইয়াছমিন আক্তার। তার প্রবাসী স্বামীর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই কথা-কাটাকাটি, ঝগড়া-বিবাদ ও মনোমালিন্য হতো। এ কারণেই অভিমান করে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
লাশ উদ্ধারকারী হাটহাজারী মডেল থানার এসআই মো. রিয়াজ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি বাসার জানালার গ্রিলের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশটি থানায় নিয়ে আসা হয়েছে।
প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর প্রতিবেদন পাওয়া গেলে প্রকৃত ঘটনা জানা সম্ভব হবে। বর্তমানে ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) মর্গে প্রেরণ করার প্রক্রিয়া চলছে।
সময়ের আলো/আতা