রেস্টুরেন্টে খেতে গেলে খাবারের দামের পাশাপাশি সার্ভিস চার্জ, ভ্যাট, পানীয় কিংবা অতিরিক্ত খাবারের কারণে বিল অনেকটাই বেড়ে যেতে পারে। তবে, কিছু বিষয়ে সচেতন থাকলেই অপ্রয়োজনীয় খরচ সহজেই এড়ানো সম্ভব।
যাওয়ার আগে মেনু দেখে নিন
রেস্টুরেন্টে যাওয়ার আগেই অনলাইনে মেনু দেখে খাবারের দাম সম্পর্কে ধারণা নিন। অনেক রেস্টুরেন্ট তাদের ওয়েবসাইট বা সামাজিক যোগাযোগমাধ্যমে মেনু প্রকাশ করে। আগে থেকে দাম জানা থাকলে বাজেট অনুযায়ী খাবার বেছে নেওয়া সহজ হয়।
অতিরিক্ত চার্জ সম্পর্কে জেনে নিন
অর্ডার দেওয়ার আগে সার্ভিস চার্জ, ভ্যাট বা অন্য কোনো অতিরিক্ত ফি আছে কি না জেনে নিন। মেনুতে খাবারের মূল দাম দেওয়া থাকলেও বিলের সময় এর সঙ্গে অতিরিক্ত চার্জ যুক্ত হতে পারে। তাই মোট বিল কীভাবে হিসাব হবে, তা আগে জানা ভালো।
ক্ষুধার সময় বেশি অর্ডার করবেন না
অনেক বেশি ক্ষুধা নিয়ে রেস্টুরেন্টে গেলে প্রয়োজনের তুলনায় বেশি খাবার অর্ডার করার সম্ভাবনা থাকে। বড় প্ল্যাটার, কম্বো বা একসঙ্গে অনেক পদ নেওয়ার আগে টেবিলে কতজন আছেন এবং খাবারের পরিমাণ কতটা প্রয়োজন, তা ঠিক করুন। প্রয়োজনে প্রথমে কম অর্ডার করে পরে আরও খাবার নেওয়া যেতে পারে।
অপরিচিত খাবার সম্পর্কে জেনে নিন
শুধু খাবারের নাম আকর্ষণীয় মনে হয়েছে বলে সেটি অর্ডার না করাই ভালো। নতুন কোনো পদ খেতে চাইলে এর পরিমাণ, উপকরণ এবং কীভাবে পরিবেশন করা হয়, তা কর্মীদের কাছে জেনে নিতে পারেন। এতে পছন্দ না হওয়া খাবারের পেছনে টাকা খরচ বা খাবার নষ্ট হওয়ার ঝুঁকি কমবে।
পানীয়ের দাম খেয়াল করুন
অনেক সময় খাবারের সঙ্গে পানীয়ের খরচও বিল বাড়িয়ে দেয়। বোতলজাত পানি, কোমল পানীয় বা অন্য কোনো পানীয় নেওয়ার আগে দাম জেনে নিন। খাবারের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে কোনো পানীয় যোগ করা হয়েছে কি না, সেটিও খেয়াল করুন।
কম্বো দেখেই সাশ্রয়ী মনে করবেন না
কম্বো বা সেট মেনু মানেই যে সবসময় কম খরচ হবে, এমন নয়। কম্বোর মধ্যে এমন খাবার থাকতে পারে, যেগুলো আপনার প্রয়োজন নেই। তাই একই খাবার আলাদাভাবে অর্ডার করলে কত খরচ হবে এবং কম্বো নিলে কত হবে, তা তুলনা করে সিদ্ধান্ত নিন।
ডিসকাউন্টের শর্ত জেনে নিন
‘৩০ শতাংশ ছাড়’ বা ‘বিশেষ অফার’ দেখে সঙ্গে সঙ্গে অর্ডার করা ঠিক নয়। অফারটি পেতে নির্দিষ্ট কার্ড, অ্যাপ, সময়, খাবার কিংবা ন্যূনতম বিলের শর্ত থাকতে পারে। শুধু ছাড় পাওয়ার জন্য প্রয়োজনের চেয়ে বেশি খরচ করলে সেটিকে প্রকৃত সাশ্রয় বলা যায় না।
ডেজার্ট পরে অর্ডার করুন
মূল খাবার শেষ করার পর ডেজার্ট বা অতিরিক্ত খাবারের প্রয়োজন আছে কি না, সেটি ভেবে সিদ্ধান্ত নিন। মেনুর আকর্ষণীয় ছবি দেখে শুরুতেই অনেক কিছু অর্ডার করলে খাবার অপচয় হতে পারে। ছোট দল বা পরিবারের ক্ষেত্রে ভাগ করে খাওয়ার উপযোগী খাবার বেছে নিলে খরচ ও অপচয় দুটোই কমে।
টেবিলে দেওয়া অতিরিক্ত খাবারের দাম জেনে নিন
রেস্টুরেন্টে বসার পর টেবিলে কোনো অতিরিক্ত খাবার বা বিশেষ আইটেম দেওয়া হলে সেটি বিনামূল্যে কি না, প্রয়োজনে জেনে নিন। কোনো কোনো রেস্টুরেন্টে পরিবেশন করা অতিরিক্ত আইটেমের জন্য আলাদা চার্জ থাকতে পারে। সন্দেহ থাকলে অর্ডারের আগেই জিজ্ঞেস করা নিরাপদ।
বিল দেওয়ার আগে মিলিয়ে দেখুন
বিল হাতে পাওয়ার পর অর্ডার করা খাবারের সংখ্যা ও দাম একবার মিলিয়ে নিন। সার্ভিস চার্জ, ভ্যাট, ডিসকাউন্ট এবং অতিরিক্ত কোনো আইটেম যোগ হয়েছে কি না, সেগুলোও দেখে নিন। ভুল করে কোনো খাবার বা চার্জ যুক্ত হলে তখনই সংশোধন করুন।
শুধু সবচেয়ে সস্তা খাবার বেছে নেবেন না
খরচ কমানোর অর্থ সবসময় সবচেয়ে কম দামের খাবার নেওয়া নয়। খাবারের মান, পরিমাণ এবং নিজের প্রয়োজনও বিবেচনা করতে হবে। খুব কম দামের খাবার নিয়ে পরে অতিরিক্ত কিছু অর্ডার করলে শেষ পর্যন্ত মোট খরচ আরও বেড়ে যেতে পারে।
আগে থেকেই বাজেট ঠিক করুন
রেস্টুরেন্টে যাওয়ার আগে আনুমানিক কত টাকা খরচ করবেন, তা ঠিক করে নিন। সঙ্গে থাকা সবাই কী ধরনের খাবার চান, সেটিও আগে আলোচনা করে নিলে টেবিলে বসে অপ্রয়োজনীয় অর্ডারের প্রবণতা কমে।
বাইরে খেতে যাওয়ার উদ্দেশ্য আনন্দ করা। তাই অযথা খরচ না করে এসব বিষয়ে সচেতন থাকলে রেস্টুরেন্টের খরচ অনেকটাই কমানো সম্ভব।
সময়ের আলো/মহু