মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে কারাগারের পরিবর্তে নিজ বাড়িতে গৃহবন্দি থেকে বাকি সাজা ভোগের অনুমতি দেওয়া হয়েছে। দেশটির রাজা সুলতান ইব্রাহিমের দেওয়া শর্তসাপেক্ষ ক্ষমার আওতায় এই সুবিধা পেয়েছেন তিনি।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের আইনজীবীরা জানান, নাজিব ২০২৮ সালের ২৩ আগস্ট পর্যন্ত গৃহবন্দি থেকে সাজা ভোগ করতে পারবেন। তবে এজন্য তাকে ৫ কোটি মালয়েশিয়ান রিঙ্গিত জরিমানা পরিশোধ এবং ক্ষমার সব শর্ত মেনে চলতে হবে। কোনো শর্ত ভঙ্গ হলে ক্ষমা বাতিল হয়ে তাকে আবার কারাগারে পাঠানো হবে।
৭৩ বছর বয়সী নাজিব ১এমডিবি (1MDB) সংক্রান্ত কেলেঙ্কারির মামলায় কারাভোগ করছেন। রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল ১এমডিবির সহযোগী প্রতিষ্ঠান এসআরসি ইন্টারন্যাশনাল থেকে অর্থ আত্মসাতের দায়ে ২০২০ সালের জুলাইয়ে তাকে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
পরে তার সাজা কমিয়ে ছয় বছর এবং জরিমানার পরিমাণও ৫ কোটি রিঙ্গিত নির্ধারণ করা হয়। গত বছরের শেষ দিকে নাজিবের গৃহবন্দিত্বের আবেদন আদালতে প্রত্যাখ্যাত হয়েছিল। এবার রাজকীয় ক্ষমার মাধ্যমে সেই সুযোগই পেলেন তিনি।
বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৮ সালের আগস্টে নাজিবের সাজা শেষ হওয়ার কথা।
সময়ের আলো/এমকে