চট্টগ্রামের মিরসরাইয়ে মিয়ানমারে পাচারের সময় চারটি ট্রাক ও একটি ফিশিং বোটসহ ৯৬০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে কোস্ট গার্ড। এ ঘটনায় তিন পাচারকারীকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ১টার দিকে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের ইছাখালী ঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে ইছাখালী ঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মিয়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে ট্রাক থেকে ফিশিং বোটে সার স্থানান্তরের সময় ৯৬০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। জব্দ করা সারের পরিমাণ ৪৮ হাজার কেজি। এর আনুমানিক মূল্য ৩৩ লাখ ৬০ হাজার টাকা।
তিনি আরও বলেন, জব্দ করা সার, ট্রাক, বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সময়ের আলো/এনএন