যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আর আস্থা নেই : পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আর আস্থা নেই বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। তার অভিযোগ, আগের দফার আলোচনার পরও ইরানের ওপর

2026-09-26T19:08:10+00:00
2026-09-26T19:09:21+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আর আস্থা নেই : পেজেশকিয়ান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৮ পিএম  আপডেট: ২৬.০৯.২০২৬ ৭:০৯ পিএম
ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আর আস্থা নেই বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। তার অভিযোগ, আগের দফার আলোচনার পরও ইরানের ওপর হামলা ও নতুন নিষেধাজ্ঞা এসেছে। তবে যুদ্ধ বন্ধে তেহরান যে নতুন প্রস্তাব দিয়েছে, সে বিষয়ে ওয়াশিংটনের জবাবের অপেক্ষায় রয়েছে ইরান।

শনিবার (২৬ সেপ্টেম্বর) আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, ‘আমেরিকার ওপর আমাদের কোনো আস্থা নেই। তাদের সঙ্গে কিভাবে সমঝোতায় পৌঁছানো সম্ভব, সেটিও আমরা জানি না।’  

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরের সময় ইরানের পক্ষ থেকে যুদ্ধ বন্ধ ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার একটি সাত দিনের পরিকল্পনা উপস্থাপন করা হয়েছে। 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, প্রস্তাব অনুযায়ী প্রথম ধাপের প্রস্তুতিতে চার থেকে পাঁচ দিন লাগবে। ষষ্ঠ দিনে হরমুজ প্রণালি বাণিজ্যিক নৌ চলাচলের জন্য খুলে দেওয়ার কথা রয়েছে। সপ্তম দিনে ইরানের পারমাণবিক কর্মসূচিসহ পারস্পরিকভাবে সম্মত বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত আলোচনা শুরুর প্রস্তাব রয়েছে।

এই প্রস্তাবের আওতায় ইরান যুক্তরাষ্ট্রের কাছে কয়েকটি পদক্ষেপ প্রত্যাশা করছে। এর মধ্যে রয়েছে ইরানি বন্দরগুলোর ওপর মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া, ইরানের তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞায় ছাড় দেওয়া এবং বিদেশে আটকে থাকা প্রায় ১২ বিলিয়ন ডলারের ইরানি সম্পদ ছেড়ে দেওয়া। পাশাপাশি লেবানন ও ইয়েমেনসহ পুরো অঞ্চলে যুদ্ধবিরতি কার্যকরের কথাও বলা হয়েছে। এর বিনিময়ে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে তেহরান।

পেজেশকিয়ান বলেন, কাতার ও পাকিস্তান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে বার্তা আদান-প্রদান করছে। তিনি জানান, নতুন উদ্যোগটি গত জুনে দুই পক্ষের মধ্যে হওয়া সমঝোতার ভিত্তিতে তৈরি করা হয়েছে। ওই সমঝোতার মেয়াদ গত মাসে শেষ হওয়ায় ওয়াশিংটনকে সেটি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

হরমুজ নিয়ে ইরানের অবস্থান

হরমুজ প্রণালির নৌ চলাচল বাধাগ্রস্ত করার দায়ও অস্বীকার করেছেন পেজেশকিয়ান। তার দাবি, যুক্তরাষ্ট্রই প্রথম ইরানের জন্য নৌপথ বন্ধ করে দিয়েছিল। সে কারণেই ইরানের নেওয়া পদক্ষেপকে তিনি ‘স্বাভাবিক প্রতিক্রিয়া’ হিসেবে বর্ণনা করেন।

তার ভাষ্য, শক্তি প্রয়োগের পরিবর্তে আলোচনার মাধ্যমে সংকটের সমাধান সম্ভব। যুদ্ধ বন্ধে সমঝোতা হলে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালিও আবার খুলে দেওয়া হবে।

ইরানের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রকে এই সংঘাতের মূল আগ্রাসী পক্ষ হিসেবে উল্লেখ করেন। তিনি দাবি করেন, গত দুই শতাব্দীতে ইরান কোনো দেশের ওপর হামলা চালায়নি। তার মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এমন পরিস্থিতি তৈরি করেছিল, যাতে কয়েক দিনের মধ্যেই ইরানের রাজনৈতিক কাঠামো ভেঙে পড়বে বলে তারা ধারণা করেছিল। তবে সেই প্রত্যাশা পূরণ হয়নি বলেও দাবি করেন তিনি।

পেজেশকিয়ান আরও বলেন, ইরানে হামলা চালাতে আঞ্চলিক কয়েকটি দেশের আকাশসীমা ব্যবহার করা হয়েছে। এ কারণে ওই দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে ইরানের হামলার লক্ষ্য করা হয়েছে বলে দাবি করেন তিনি।

নিষেধাজ্ঞা নিয়েও সমালোচনা

ইরানের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞার সমালোচনা করে পেজেশকিয়ান বলেন, ওষুধ ও কাঁচামাল আমদানিতে বাধা দিয়ে তেহরানকে চাপে ফেলার চেষ্টা সফল হবে না। গাজার পরিস্থিতির সঙ্গে তুলনা করে তিনি বলেন, যারা ইরানের ওষুধ ও প্রয়োজনীয় কাঁচামাল আটকে দিচ্ছে, তারাই গাজায় খাদ্য ও পানির প্রবাহ বন্ধ করছে।

তার দাবি, নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের জনগণকে চাপে ফেলার পরিকল্পনা ভুল হিসাবের ওপর দাঁড়িয়ে আছে।

‘আঞ্চলিক পুলিশ প্রয়োজন নেই’

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে পেজেশকিয়ান বলেন, এ অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে বাইরের কোনো শক্তির ওপর নির্ভর করার প্রয়োজন নেই। আঞ্চলিক দেশগুলোর নিজেদের মধ্যকার সহযোগিতার মাধ্যমেই নিরাপত্তা কাঠামো গড়ে তোলা সম্ভব বলে মনে করেন তিনি।


‘আমাদের কোনো আঞ্চলিক পুলিশের প্রয়োজন নেই’—মন্তব্য করে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর মধ্যে বিভাজন তৈরির অভিযোগ তোলেন। সৌদি আরব আঞ্চলিক ঐক্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

ইয়েমেনের সংঘাতের প্রসঙ্গে পেজেশকিয়ান বলেন, হুতিদের কর্মকাণ্ডের সঙ্গে ইরানের সরাসরি সম্পর্ক নেই। তবে নিপীড়নের শিকারদের প্রতি ইরানের সমর্থন রয়েছে বলে জানান তিনি। সৌদি আরব ও হুতিদের মধ্যে বিরোধ সংলাপের মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়ে ইরান প্রয়োজনে এ প্রক্রিয়ায় সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান।

অভ্যন্তরীণ ঐক্যের দাবি

ইরানের অভ্যন্তরে রাজনৈতিক বিভাজন তৈরির চেষ্টা চলছে—এমন অভিযোগও করেন পেজেশকিয়ান। তাঁর দাবি, দেশের নেতৃত্বের মধ্যে নজিরবিহীন ঐক্য ও সংহতি রয়েছে।

তিনি জানান, সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে তার দুই দফা বৈঠক হয়েছে। এর মধ্যে একটি বৈঠক প্রায় সাত ঘণ্টা ধরে চলে এবং সেখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দেশের অভ্যন্তরীণ ‘জমে থাকা ভারসাম্যহীনতা’ কাটিয়ে ওঠার অঙ্গীকারও করেন তিনি।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   যুক্তরাষ্ট্র  আলোচনা  পেজেশকিয়ান 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: