দেশের বিভিন্ন উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করা ৬৮ কর্মকর্তাকে প্রত্যাহার করেছে সরকার। বিসিএস প্রশাসন ক্যাডারের এসব কর্মকর্তাকে পরবর্তী পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। জনস্বার্থে জারি করা আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, নিজ নিজ কর্মস্থল থেকে প্রত্যাহারের পর কর্মকর্তাদের সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। পরবর্তী পদায়নের আদেশ না দেওয়া পর্যন্ত তারা সেখানে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রত্যাহার করা কর্মকর্তাদের মধ্যে বরিশাল, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, ঢাকা ও রংপুর বিভাগের বিভিন্ন উপজেলায় কর্মরত কর্মকর্তারা রয়েছেন।
প্রজ্ঞাপনে প্রত্যেক কর্মকর্তার নাম, পরিচিতি নম্বর, বর্তমান কর্মস্থল এবং কোন বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তাদের ন্যস্ত করা হয়েছে, তা উল্লেখ করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন।
প্রজ্ঞাপনের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, ভূমি মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
এ ছাড়া প্রজ্ঞাপনটি পরবর্তী গেজেট সংখ্যায় প্রকাশের জন্য বাংলাদেশ ফরম ও প্রকাশনা অফিসকে অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং গভর্নমেন্ট এমপ্লয়িজ ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএমএস) হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা পর্যায়ে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে এসব কর্মকর্তা ভূমি ব্যবস্থাপনা, নামজারি, ভূমি রাজস্ব আদায় ও ভূমি-সংক্রান্ত বিভিন্ন প্রশাসনিক কাজে দায়িত্ব পালন করছিলেন। তাদের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করার সিদ্ধান্তটি পরবর্তী পদায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে নেওয়া হয়েছে।
সময়ের আলো/এসএকে