জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং দেশের স্থিতিশীলতা নষ্ট করার কোনো সুযোগ কাউকে দেওয়া হবে না। তিনি বলেন, সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও দেশের স্থিতিশীলতা রক্ষায় অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। প্রয়োজন হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকার যেকোনো আইনসম্মত পদক্ষেপ নিতে বাধ্য হবে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম মনি বলেন, সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করছে। কিছু দুষ্কৃতকারী দেশ থেকে পালিয়ে গিয়ে বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে এবং সুযোগ পেলেই বাংলাদেশে প্রবেশ করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা ইচ্ছাকৃতভাবে এমন পরিস্থিতি তৈরি করতে চায়, যাতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হয় এবং সরকার দুর্বল হয়ে পড়ে।
তিনি অভিযোগ করে বলেন, কিছু মানুষ এসব কর্মকাণ্ডে সহযোগিতা করছে এবং তাদের কার্যক্রমে ঘি ঢালছে। যারা এ ধরনের কর্মকাণ্ডে সহযোগিতা করছেন, তাদের সহযোগিতা থেকে বিরত থাকতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করার কোনো সুযোগ কাউকে দেওয়া হবে না। সরকার সুযোগ দিয়ে দেখেছে, কিন্তু কেউ সেই সুযোগের অপব্যবহার করলে তাকে আইনের আওতায় এনে যথাযথ জবাব দেওয়া হবে। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য যা করা প্রয়োজন, সরকার তা করবে।
সরকারকে দুর্বল ভাবার কোনো কারণ নেই উল্লেখ করে নুরুল ইসলাম মনি বলেন, সরকারের সুযোগ নিয়ে কেউ যদি মনে করেন সরকার দুর্বল, তাহলে সেটি সঠিক ধারণা হবে না। সরকার অত্যন্ত শক্ত অবস্থানে রয়েছে এবং দেশের আইনশৃঙ্খলা, স্থিতিশীলতা ও উন্নয়নের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে দৃঢ়প্রতিজ্ঞ।
তিনি বলেন, কিছু মানুষ ধর্মের লেবাস ধরে অন্যদের ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা ছোটখাটো বিষয়কে বড় করে সামনে নিয়ে আসে এবং পরবর্তী সময়ে সেই বিষয় বা ভুল সিদ্ধান্তগুলোকে সামনে এনে প্রচার করার চেষ্টা করে। এ ধরনের প্রচারে তারা বিভিন্ন পক্ষ গুপ্তবাহিনী ও বটবাহিনী ব্যবহার করছে।
সময়ের আলো/কেএইচও