মানিকগঞ্জের সিংগাইরে শ্বশুরবাড়ির লোকজন স্ত্রীকে নিয়ে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে নিজের শরীরে পেট্রল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন জীবন (২০) নামে এক যুবক। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আঙ্গারিয়া এলাকায় এ ঘটনা ঘটে। জীবন ওই এলাকার জসিম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জীবন ও মিম (১৬) পালিয়ে বিয়ে করে আঙ্গারিয়ায় জীবনের বাড়িতে বসবাস করছিলেন। বিষয়টি জানতে পেরে মিমের পরিবারের সদস্যরা সেখানে গিয়ে তাকে বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে তারা মিমকে সঙ্গে নিয়ে চলে যান।
এ সময় জীবন স্ত্রীকে নিয়ে যাওয়ার বাধা দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। পরে ক্ষুব্ধ হয়ে নিজের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে তিনি গুরুতর দগ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, বিষয়টি পুলিশ খোঁজখবর রাখছে। এ ঘটনায় কোনো অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/এসএকে