আবাসন সংকট মোকাবিলায় সরকারের কার্যকর পদক্ষেপের দাবিতে স্পেনজুড়ে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। শনিবার (৩ অক্টোবর) রাজধানী মাদ্রিদসহ দেশটির প্রায় ৫০টি শহরে বিক্ষোভ হয়। মাদ্রিদে প্রায় ৭০ হাজার মানুষ অংশ নিয়েছেন বলে জানিয়েছে স্পেন সরকার।
বিক্ষোভকে কেন্দ্র করে মাদ্রিদে উগ্র ডানপন্থী একটি গোষ্ঠীর তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। স্পেন সরকারের ভাষ্য, ওই গোষ্ঠীর কয়েকজন সদস্য নাৎসি স্যালুট দিয়ে কেন্দ্রীয় পুয়ের্তা দেল সল এলাকায় অবস্থান নেওয়া বিক্ষোভকারীদের দিকে যাওয়ার চেষ্টা করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ছোড়ে।
আবাসনসংকটের পাশাপাশি সাম্প্রতিক কয়েকটি উচ্ছেদের ঘটনাও বিক্ষোভকারীদের ক্ষোভের কারণ হয়ে উঠেছে। এর মধ্যে মাদ্রিদে ৮৭ বছর বয়সি এক নারীকে উচ্ছেদের ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দেয়। এসব ঘটনা ঘিরে জনঅসন্তোষ প্রশমনে সরকারের নেওয়া কিছু পদক্ষেপ শুক্রবার পার্লামেন্টে প্রত্যাখ্যাত হওয়ার পর শনিবারের বিক্ষোভ আরও জোরালো হয়।
মাদ্রিদের বিক্ষোভে অংশ নেওয়া ২৬ বছর বয়সি নান্দো দে আঙ্গুলো বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে জনগণকেই মানিয়ে নিতে হচ্ছে। তার ভাষায়, এ পরিস্থিতি আর চলতে পারে না।
এদিকে ভ্যালেন্সিয়া শহরেও বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। প্রায় ৩০ জন বিক্ষোভকারী শহরের বিখ্যাত ‘সিটি অব আর্টস অ্যান্ড সায়েন্সেস’ কমপ্লেক্সে ঢুকে পড়লে পুলিশ তাদের বের করে দেয়।
মাদ্রিদে ভাড়াটিয়া ইউনিয়নের মুখপাত্র ভ্যালেরিয়া রাকু জানিয়েছেন, শ্রমিক ইউনিয়নগুলোর সঙ্গে আলোচনার পর আবাসন সংকট নিয়ে সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হতে পারে। শনিবারের বিক্ষোভে কয়েকজনকে সাধারণ ধর্মঘটের দাবিতে পোস্টার প্রদর্শন করতেও দেখা যায়।
এদিকে আবাসনসংক্রান্ত সরকারের প্রস্তাব পার্লামেন্টে পাস না হওয়ায় প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ নভেম্বর মাসে আগাম নির্বাচন ডাকতে পারেন বলে স্প্যানিশ গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে প্রধানমন্ত্রীর কার্যালয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
ভারী বৃষ্টির কারণে বার্সেলোনা ও পাশের শহর হসপিতালেত দে লোব্রেগাতে পরিকল্পিত বিক্ষোভ বাতিল করা হয়। তবে দেশটির অন্যান্য শহরে কর্মসূচিগুলো মোটামুটি শান্তিপূর্ণভাবেই পালিত হয়েছে।
সময়ের আলো/জেডি