ভারতের বিহারের বন্যাকবলিত সারান জেলায় হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণের প্যাকেট মাথায় পড়ে ৫৮ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার পরশুরামপুর গ্রামের একটি ত্রাণকেন্দ্রের কাছে এ ঘটনা ঘটে। নিহতের নাম অনিল কুমার সিং।
স্থানীয় পুলিশ জানিয়েছে, বন্যার কারণে দুর্গত মানুষের কাছে হেলিকপ্টার থেকে ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছিল। এ সময় একটি ত্রাণের প্যাকেট নিচে পড়ে অনিলের মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ আরও জানিয়েছে, ঘটনার সময় হেলিকপ্টারের বাতাসে একটি বাড়ির টিনের চাল উড়ে গিয়ে এক নারীর পায়ে আঘাত করে। আহত ওই নারী হাসপাতালে চিকিৎসাধীন।
অনিলের মৃত্যুর পর ক্ষুব্ধ স্থানীয়রা তার মরদেহ মহাসড়কে রেখে বিক্ষোভ করেন। তারা ঘটনার তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
সময়ের আলো/ইউএমএইচ