আবাসন সংকট মোকাবিলায় সরকার জরুরি আইন পাস করতে ব্যর্থ হওয়ায় স্পেনজুড়ে বিক্ষোভ করেছেন কয়েক হাজার মানুষ। ভাড়াটিয়াদের সুরক্ষা বাড়ানো, বাড়িভাড়া কমানো এবং উচ্ছেদ বন্ধের দাবিতে শনিবার দেশটির বিভিন্ন শহরে প্রায় ৫০টি মিছিল হয়েছে। মাদ্রিদ, ভ্যালেন্সিয়া ও বার্সেলোনাসহ বিভিন্ন শহরে এসব বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ভ্যালেন্সিয়া টেন্যান্টস ইউনিয়নের এক মুখপাত্র বলেন, রাজপথে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
ভ্যালেন্সিয়ায় বিক্ষোভকারীদের একাংশের সঙ্গে পুলিশের সংঘর্ষও হয়েছে। শুক্রবার বামপন্থি জোট সরকারের প্রস্তাবিত আবাসন আইন কংগ্রেসে প্রত্যাখ্যাত হওয়ার পরদিনই এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল, ‘ভাড়াটিয়া শোষকদের জন্য কোনো শান্তি থাকবে না’ এবং ‘আমি ভবিষ্যতের জন্য পড়াশোনা করি, ছোট্ট একটি অ্যাপার্টমেন্টের জন্য নয়’।
বিবিসি জানিয়েছে, বাড়িভাড়া বেড়ে যাওয়ায় তা পরিশোধ করতে না পারায় ৮৭ বছর বয়সি মারিকারমেন আবাসকালকে গত মাসে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়। এ ঘটনার পর সরকার আবাসন আইনটির প্রস্তাব দেয়। ওই উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে স্পেনজুড়ে বিক্ষোভ শুরু হয়। পরে ফ্ল্যাটটির মালিক কোম্পানি উরবাগেস্তিয়ন কম ভাড়ায় তাকে আবার ওই ফ্ল্যাটে ফিরিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করে। তবে তাতেও বিক্ষোভ থামেনি।
কম ভাড়া, উচ্ছেদ বন্ধ এবং বিনিয়োগ তহবিলের— সরকারের ভাষায় ‘শকুন তহবিল’— সম্পত্তি কেনার ওপর নিষেধাজ্ঞার দাবি জানিয়ে আসছেন বিক্ষোভকারীরা।
শনিবার পূর্ব উপকূলীয় শহর ভ্যালেন্সিয়ায় শিল্পকলা কেন্দ্র পালাউ দে লেস আর্টস রেইনা সোফিয়ার কাছে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সেখানে একটি আবাসন সম্মেলন চলছিল। স্পেনের সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, কয়েকজন বিক্ষোভকারী ব্যারিকেড সরিয়ে পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়েন। পুলিশ জবাবে রাবার বুলেট ছোড়ে।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটিভিই জানিয়েছে, সংঘর্ষে নয় পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে রাজধানী মাদ্রিদে শনিবারের বিক্ষোভে অংশগ্রহণকারীর সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন হিসাব পাওয়া গেছে। শহরের টেন্যান্টস ইউনিয়নের দাবি, বিক্ষোভে ৫ লাখ মানুষ অংশ নিয়েছেন। তবে কর্মকর্তাদের হিসাবে এ সংখ্যা ৭০ হাজার। বিক্ষোভকারীরা হাতে থাকা চাবি ঝাঁকিয়ে স্লোগান দেন, ‘পুরো শহরের চাবি আমাদের হাতে।’
বিক্ষোভকারীদের কেউ কেউ শহরের অন্যতম প্রধান চত্বর পুয়ের্তা দেল সলেও কয়েক দিন ধরে অবস্থান নিয়েছিলেন। বিক্ষোভের আগে ডেভিড নামের এক ব্যক্তি আরটিভিইকে বলেন, ‘আমরা আনন্দ বা স্বাচ্ছন্দ্যের জন্য এখানে আসিনি। আমরা বিশ্বাস থেকে এখানে এসেছি।’
ব্যাংক অব স্পেনের হিসাবে, চাহিদা ও নতুন নির্মাণের ব্যবধান বিবেচনায় দেশটিতে প্রায় ৭ লাখ বাড়ির ঘাটতি রয়েছে। জাতীয় পরিসংখ্যান সংস্থা আইএনইর ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের তথ্য অনুযায়ী, গত এক বছরে দেশটিতে বাড়ির দাম বেড়েছে ১২ দশমিক ২ শতাংশ।
রিয়েল এস্টেট কোম্পানি আইডিয়ালিস্তার হিসাবে, আবাসন সংকটের কারণে ২০২৫ সালে স্পেনে ভাড়া বেড়েছে ৮ দশমিক ৫ শতাংশ। শুধু মাদ্রিদেই ভাড়া বেড়েছে ৯ দশমিক ৭ শতাংশ।
সময়ের আলো/ইউএমএইচ