স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ আগাম সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছেন। আগামী ২৯ নভেম্বর দেশটিতে এই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
সানচেজের সংখ্যালঘু সরকারের প্রস্তাবিত আবাসনসংক্রান্ত দুটি জরুরি পদক্ষেপ পার্লামেন্টে প্রত্যাখ্যাত হওয়ার পর এ ঘোষণা এলো। গত শুক্রবার পার্লামেন্টে সরকারের প্রস্তাবগুলো প্রত্যাখ্যাত হয়। এর মধ্যে ভাড়া চুক্তির মেয়াদ বাড়ানো, ভাড়া বৃদ্ধিতে সীমা আরোপ এবং আবাসন বাজারে বিনিয়োগ তহবিলের ভূমিকা সীমিত করার মতো পদক্ষেপ ছিল।
সরকারের এই পরাজয়ের পরদিনই আবাসন সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপের দাবিতে মাদ্রিদসহ স্পেনের বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ হয়। মাদ্রিদে শনিবারের বিক্ষোভে ৭০ হাজারের বেশি মানুষ অংশ নিয়েছেন বলে সরকারি হিসাবে জানানো হয়েছে।
দেশটিতে আবাসন নিয়ে ক্ষোভ আরও তীব্র হয় গত মাসের শেষ দিকে। ওই সময় ৮৭ বছর বয়সি মারিয়া দেল কারমেন আবাসকালকে মাদ্রিদে ৭০ বছর ধরে বসবাস করা বাড়ি থেকে উচ্ছেদ করা হয়। একটি আন্তর্জাতিক বিনিয়োগ তহবিল ভবনটি কিনে নেওয়ার পর ভাড়া বাড়িয়ে দেওয়ার প্রেক্ষাপটে তাকে উচ্ছেদ করা হয়। ঘটনাটি দেশটির আবাসন সংকট নিয়ে ব্যাপক জনবিক্ষোভের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
সময়ের আলো/জেডি