যাত্রী নয়, চালকের কেবিনে উঠে বসেছে ছারপোকা! এমন অস্বাভাবিক পরিস্থিতির কারণে যুক্তরাজ্যে কয়েকটি ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ করতে হয়েছে।
কেন্ট, ইস্ট সাসেক্স ও গ্রেটার লন্ডন এলাকায় চলাচলকারী দুটি ট্রেনের চালকের কেবিনে ছারপোকা শনাক্ত হওয়ার পর সেগুলো পরিষেবার বাইরে রাখা হয়। তবে যাত্রীদের বসার নির্ধারিত অংশে কোনো ছারপোকা পাওয়া যায়নি বলে জানিয়েছে ট্রেন পরিচালনাকারী প্রতিষ্ঠান সাউদার্ন ইস্টার্ন।
প্রতিষ্ঠানটি জানায়, আক্রান্ত ট্রেনগুলো শুধু পরিদর্শন এবং প্রয়োজন হলে কীটনাশক প্রয়োগের জন্য নির্ধারিত স্থানে নেওয়ার সময় চলাচল করেছে। গত ২২ সেপ্টেম্বর প্রথম ছারপোকা শনাক্ত হওয়ার পর কয়েকটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়।
তবে হাই স্পিড ১ রুটের কোনো ট্রেনে ছারপোকার উপস্থিতি পাওয়া যায়নি বলে জানিয়েছে সাউদার্ন ইস্টার্ন।
কোম্পানির সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে বলা হয়েছে, আক্রান্ত ট্রেনগুলো হেস্টিংসের ওয়েস্ট মেরিনা ডিপোতে রাখা হয়েছে। লন্ডন থেকে আসা এসব ট্রেনের শেষ গন্তব্যও এই ডিপো।
এই রুটের ট্রেনগুলো ব্যাটল, টানব্রিজ ওয়েলস ও সেভেনঅক্স হয়ে চলাচল করে।
সাউদার্ন ইস্টার্নের এক মুখপাত্র জানান, যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে আক্রান্ত ট্রেন ও স্টেশনগুলো ভালোভাবে পরিষ্কার করা হয়েছে।
প্রতিষ্ঠানটির চালকদের প্রধান অলি টার্নার বলেন, বিষয়টি জানার পর ট্রেনগুলো পুনরায় যাত্রী পরিবহনে দেওয়ার আগে বিস্তারিতভাবে পরীক্ষা করা হয়। সবকিছু নিরাপদ বলে নিশ্চিত হওয়ার পরই ট্রেনগুলোকে আবার পরিষেবায় ফিরিয়ে দেওয়া হয়।
তিনি আরও জানান, ছারপোকার ঘটনা মাত্র দুটি ট্রেনের চালকের কেবিনেই সীমাবদ্ধ ছিল। যাত্রীদের ব্যবহারের কোনো অংশে ছারপোকার উপস্থিতি পাওয়া যায়নি।
সময়ের আলো/ইউএমএইচ