শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি শিরান্থী রাজাপাকসেকে গ্রেফতার করেছে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা। একটি শিশু হাসপাতালের জন্য সংগ্রহ করা অনুদানের অর্থ তার পরিচালিত দাতব্য সংস্থা আত্মসাৎ করেছে— এমন অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীলঙ্কার রাজনীতিতে প্রায় দুই দশক ধরে প্রভাবশালী অবস্থানে রয়েছে রাজাপাকসে পরিবার। দেশটির বর্তমান প্রেসিডেন্ট অনুঢ়া কুমারা দিশানায়েকের সরকার রাজাপাকসে পরিবারের সদস্যদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আলোচনার বাইরে থাকা বিভিন্ন দুর্নীতির অভিযোগের তদন্ত আবারও শুরু করেছে।
সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের ৭৩ বছর বয়সি স্ত্রী শিরান্থী রাজাপাকসেকে বুধবার রাজধানী কলম্বো থেকে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে কমিশন টু ইনভেস্টিগেট অ্যালিগেশনস অব ব্রাইবারি অর করাপশনের (সিআইএবিওসি) কার্যালয়ে নেওয়া হয়।
রাজধানীতে রাজাপাকসের বাসভবনে সিআইএবিওসির এক কর্মকর্তা সাংবাদিকদের জানান, শিরান্থীর দাতব্য সংস্থা ‘সিজিলিয়া স্যাভিয়া ফাউন্ডেশন’-এর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের সঙ্গে সংশ্লিষ্টতার কারণেই সাবেক এই ফার্স্ট লেডিকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতে হাজির করার কথা রয়েছে। সেখানে তাকে জামিন দেওয়া হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত দেবেন ম্যাজিস্ট্রেট।
শিরান্থীর আইনজীবী মনোজ গামাগে জানান, তার মক্কেল অভিযোগগুলো অস্বীকার করেছেন। দাতব্য কাজের জন্য সংগ্রহ করা অর্থ আত্মসাতের অভিযোগের বিরুদ্ধে তিনি আইনি লড়াই চালিয়ে যাবেন।
সিআইএবিওসি জানিয়েছে, ওই দাতব্য সংস্থায় ১ কোটি রুপি (প্রায় ৩০ হাজার মার্কিন ডলার) অনুদান দেওয়ার ঘটনায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাবেক প্রধানকেও গ্রেফতার করা হয়েছে।
সময়ের আলো/ইউএমএইচ