হরমুজ প্রণালি দিয়ে আবারও জাহাজ চলাচল শুরু হয়েছে এবং জলপথটি কার্যত উন্মুক্ত বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার।
মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রিয়ার বলেন, ‘আমরা আবার হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল করতে দেখছি। পাশাপাশি বিভিন্ন দেশ একত্র হয়ে প্রণালিটি এড়িয়ে যাওয়ার পথও তৈরি করছে।’
তিনি বলেন, ইরানের হাতে থাকা অবশিষ্ট চাপ প্রয়োগের ক্ষমতাও সময়ের সঙ্গে কমে যাবে।
গ্রিয়ার আরও দাবি করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচিকে ‘পিছিয়ে দিতে’ সক্ষম হয়েছেন, যা তার ভাষায় ‘বিশ্বের জন্য একটি বড় অর্জন’।
ইরানের ওপর চাপ বাড়াতে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট আরও নিষেধাজ্ঞা আরোপ করছেন বলেও জানান গ্রিয়ার। তাঁর ভাষ্য, এসব নিষেধাজ্ঞা শুধু ইরানের বিরুদ্ধে নয়, দেশটির সঙ্গে সহযোগিতা করা তৃতীয় দেশগুলোর বিরুদ্ধেও দেওয়া হচ্ছে।
তবে সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বাড়লেও নিরাপত্তাঝুঁকি পুরোপুরি কাটেনি। গত সপ্তাহে প্রণালিতে ট্যাংকারে হামলার সংখ্যা বেড়েছে এবং সামগ্রিক জাহাজ চলাচলও দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে বলে রয়টার্স জানিয়েছে।
সময়ের আলো/জেডি