হরমুজ প্রণালিতে প্রবেশের আগে ওমান উপসাগরে তেলবাহী জাহাজ এমটি ফেলিকে লক্ষ্য করে গুলি ছুড়েছে মার্কিন যুদ্ধজাহাজ। এতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হলেও সাত বাংলাদেশিসহ ২৬ নাবিক প্রাণে বেঁচে গেছেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টার দিকে ওমান বন্দরের কাছাকাছি এ ঘটনা ঘটে। জাহাজটিতে বাংলাদেশের সাতজন, মিয়ানমারের পাঁচজন এবং চীনের ১৪ জন নাবিক ছিলেন।
নাবিকদের বরাতে জানা গেছে, তিন লাখ টন ধারণক্ষমতার তেলবাহী জাহাজটি সিঙ্গাপুর থেকে হরমুজ প্রণালি হয়ে ইরাকে যাওয়ার পথে ছিল। প্রণালিতে প্রবেশের আগে ওমান উপসাগরে জাহাজটি মার্কিন যুদ্ধজাহাজের হামলার শিকার হয়।
জাহাজের নাবিকদের দাবি, হামলার সময় তারা দ্রুত জাহাজটি পেছনে সরিয়ে নেন। এ সময় ডেকে অবস্থান করায় প্রাণে বেঁচে যান নাবিকেরা। তবে কয়েক শ রাউন্ড গুলির আঘাতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় নাবিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জাহাজে থাকা বাংলাদেশি নাবিক বেলাল উদ্দিন বলেন, 'হরমুজ প্রণালীর কাছাকাছিতে আমরা অগ্রসর হচ্ছিলাম। ইউএস নেভি শিপ থেকে আমাদের কল করা হয়েছিল, কিন্তু আমাদের জাহাজ থেকে কোনো রিপ্লাই দেওয়া হয় নাই। এ তারা আমাদের জাহাজকে লক্ষ্য করে তারা গুলি ছোড়ে। এতে ভাগ্যক্রমে আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’
হামলার ঘটনায় সাত বাংলাদেশিসহ সব নাবিক নিরাপদে থাকলেও জাহাজটির ক্ষয়ক্ষতির পরিমাণ এবং ঘটনার বিস্তারিত পরিস্থিতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে আর কোনো তথ্য পাওয়া যায়নি।
সময়ের আলো/এমকে