মারা গেছেন ‘ব্রেকিং ব্যাড’ অভিনেতা আর জে মিটে

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

জনপ্রিয় মার্কিন টেলিভিশন সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ ওয়াল্টার হোয়াইট জুনিয়র চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া অভিনেতা আর জে মিটে মারা গেছেন।

2026-10-13T12:49:04+00:00
2026-10-13T12:50:15+00:00
 
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
মারা গেছেন ‘ব্রেকিং ব্যাড’ অভিনেতা আর জে মিটে
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১২:৪৯ পিএম  আপডেট: ১৩.১০.২০২৬ ১২:৫০ পিএম
আর জে মিটে। ছবি : সংগৃহীত
জনপ্রিয় মার্কিন টেলিভিশন সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ ওয়াল্টার হোয়াইট জুনিয়র চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া অভিনেতা আর জে মিটে মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ব্রাউনসভিলে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৪ বছর। তবে, তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

‘ব্রেকিং ব্যাড’ সিরিজে মাদক সম্রাট ওয়াল্টার হোয়াইটের ছেলের চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন মিটে। সেরিব্রাল পালসিতে আক্রান্ত এই অভিনেতা নিজের শারীরিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পর্দায় চরিত্রটিকে বাস্তবসম্মতভাবে ফুটিয়ে তুলেছিলেন। তার অভিনয় প্রশংসিত হয়েছিল দর্শক ও সমালোচকদের কাছে।

মিটের প্রতিনিধি শন রেইলি বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। বিবৃতিতে মিটেকে একজন প্রিয় অভিনেতা, সমাজসেবী এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার কর্মী হিসেবে উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, নিজের পরিচিতিকে কাজে লাগিয়ে মিটে প্রতিবন্ধিতা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে প্রচলিত ভুল ধারণা দূর করা এবং বিনোদনজগতে তাদের অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব বাড়ানোর জন্য কাজ করেছেন তিনি।


সমাজসেবামূলক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন মিটে। তিনি ইউনাইটেড সেরিব্রাল পালসি ও শ্রাইনার্স চিলড্রেনসের দূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া, বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগে সহায়তা করতে প্রতিষ্ঠা করেন ‘দ্য মিটে ফাউন্ডেশন’।

ব্রাউনসভিল পুলিশ বিভাগ বিবিসিকে জানিয়েছে, মিটের মৃত্যুর কারণ এখনো নির্ধারণ করা যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে। তবে তার মৃত্যুর সঙ্গে অপরাধমূলক কর্মকাণ্ডের কোনো যোগসূত্র রয়েছে, এমন ইঙ্গিত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

অ্যাসোসিয়েটেড প্রেসকে ক্যামেরন কাউন্টির জাস্টিস অব দ্য পিস সিন্ডি হিনোজোসা জানান, ১২ অক্টোবর মিটেকে মৃত ঘোষণা করা হয়। ধারণা করা হচ্ছে, নিজ বাড়িতেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

মিটের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ‘ব্রেকিং ব্যাড’-এর সহ-অভিনেতা অ্যারন পল। ‘দ্য হলিউড রিপোর্টার’-কে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, মিটের মৃত্যুতে তিনি বাক্‌রুদ্ধ ও গভীরভাবে মর্মাহত। আবেগঘন বার্তায় তিনি বলেন, ‘আর জে, বন্ধু, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে ভীষণ মিস করব।’

আরেক সহ-অভিনেতা ডিন নরিসও সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন। তিনি জানান, শুটিংয়ের সময় তিনি তরুণ অভিনেতাটিকে সবসময় আগলে রাখতেন। মিটেকে অসাধারণ মনের একজন মানুষ হিসেবে উল্লেখ করে নরিস বলেন, তাকে ভীষণভাবে মিস করবেন তারা।

‘ব্রেকিং ব্যাড’ সিরিজে অভিনয়ের স্বীকৃতিস্বরূপ ২০১৪ সালে স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড পান মিটে। এ ছাড়া ‘হান্না মন্টানা’, ‘সুইচড অ্যাট বার্থ’ ও ‘ওয়েস্টহ্যাম্পটন’সহ বিভিন্ন টেলিভিশন প্রযোজনায় অভিনয় করেছেন তিনি। চলতি বছর মুক্তি পাওয়া ‘টকিং টু স্ট্রেঞ্জার্স’ ছিল তার সর্বশেষ কাজগুলোর একটি।

সময়ের আলো/মহু

  বিষয়:   ব্রেকিং ব্যাড  আর জে মিটে  মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: