তারকাদের গল্পে মা দিবস, ভালোবাসার অনন্য বুনন

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

বিশ্ব মা দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন দেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় তারকারা। কেউ মায়ের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতার

2026-05-10T21:47:01+00:00
2026-05-10T21:47:01+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
তারকাদের গল্পে মা দিবস, ভালোবাসার অনন্য বুনন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৯:৪৭ পিএম 
তারকাদের ছবি নিয়ে কোলাজ।
বিশ্ব মা দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন দেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় তারকারা। কেউ মায়ের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতার কথা জানিয়েছেন, কেউ মাতৃত্বের অনুভূতি ভাগ করে নিয়েছেন, আবার কেউ স্মরণ করেছেন প্রয়াত মাকে। পরীমণি, অপু বিশ্বাস, শবনম ফারিয়া, বিদ্যা সিনহা মিম, জিয়াউল ফারুক অপূর্ব ও ওমর সানীর পোস্টে উঠে এসেছে মা-সন্তানের নিঃস্বার্থ সম্পর্ক, স্মৃতি ও আবেগের নানা গল্প।


পরীমণি
তারকা হিসেবে পরীমণি যত জনপ্রিয়, মা পরী যেন মানুষের কাছে তারচেয়েও বেশি পছন্দের। পরী ও তার দুই সন্তানকে নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। মা দিবসে পরীমণি দুই সন্তানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যায়, ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য ও মেয়ে সাফিয়া সুলতানা প্রিয়মকে পাশে নিয়ে বিছানায় শুয়ে আছেন তিনি। মাতৃত্বের মমতায় ভরা সেই ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘শুভ সকাল প্রিয় মা দিবস’।

ছবিটি প্রকাশের পর মন্তব্য ঘরে ভক্তরা অভিনেত্রীকে শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে তোলেন। অনেকে তাকে সংগ্রামী ও দায়িত্বশীল মা হিসেবে উল্লেখ করেন।

অপু বিশ্বাস
এদিকে বাংলা চলচ্চিত্রের ‘ঢালিউড কুইন’ খ্যাত অপু বিশ্বাস নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে লেখেন, ‘মাতৃত্ব একটি পবিত্র যাত্রা, যা সততা ও সত্যের ওপর দাঁড়িয়ে থাকে, কোনো লুকোচুরি বা বিতর্কের ওপর নয়।’

তার এই পোস্ট প্রকাশের পর অনেকেই মন্তব্য ঘরে মা ও সন্তানের সম্পর্ক নিয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করেন।

শবনম ফারিয়া
মা দিবসে ফেসবুক পোস্টে এই অভিনেত্রী জীবনের দুই গুরুত্বপূর্ণ নারীর প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতার কথা তুলে ধরেন। পোস্টের শুরুতেই সব মায়েদের মা দিবসের শুভেচ্ছা জানান। তারপর তিনি লেখেন, সবাই বলে আমি দেখতে ঠিক আমার মায়ের মতো। বিষয়টি আমাকে ভীষণ আনন্দ দেয়, কারণ আমার চোখে পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী আমার মা। আর মা মানেই নিঃস্বার্থ ভালোবাসা।’

বাবাকে হারানোর পর তার মা-ই সবচেয়ে বড় শক্তি হয়ে পাশে ছিলেন বলে জানান ফারিয়া। জীবনের কঠিন ও অনাকাঙ্ক্ষিত মুহূর্তগুলোতেও মা তাকে এক মুহূর্তের জন্য বাবার শূন্যতা অনুভব করতে দেননি বলেও উল্লেখ করেন। 

শাশুড়িকে নিয়ে তিনি লেখেন, ‘গত বছর আল্লাহর রহমতে আমার জীবনে আরেকজন মা এসেছেন। কয়েকদিন যোগাযোগ না হলে, শাশুড়ি নিজেই খোঁজ নেন। এমনকি আমি বাসায় না গেলে আমার পছন্দের খাবারও রান্না করেন না।’

সম্প্রতি ইলিশ মাছ রান্নার একটি ঘটনার কথাও শেয়ার করেন ফারিয়া। জানান, তিনি তৃপ্তি নিয়ে মাছ খাওয়ার পর জানতে পারেন, শাশুড়ি নিজের অংশটুকুও খাননি। পরদিন সেটি তার জন্য প্যাক করে দিয়েছিলেন।

পোস্টের শেষদিকে অভিনেত্রী বলেন, জীবনের সব ক্ষেত্রে হয়ত তিনি সৌভাগ্যবান নন, তবে আল্লাহ তাকে অসাধারণ দুইজন মা উপহার দিয়েছেন। আর এ ভালোবাসার পর জীবনে অভিযোগ করার মতো তেমন কোনো কারণ তার আর নেই বলেও মন্তব্য করেন তিনি।


বিদ্যা সিনহা মিম
অভিনেত্রী বিদ্যা সিনহা মিম লিখেছেন, আমার মা সব মায়ের মতো ভীষণ লক্ষ্মী এক মা। জীবনের পথচলায় মা-ই আমাকে পথ দেখিয়েছেন, সাহস জুগিয়েছেন। আমার অভিনেত্রী হয়ে ওঠার পেছনে মায়ের সাপোর্ট, ভালোবাসা আর শ্রম সবচেয়ে বেশি। মা আমাকে শিল্পের পথে হাঁটিয়েছেন, পাশে থেকেছেন। তিনি আমার সবচেয়ে ভালো বন্ধু। তিনি যেমন আমার সব শখ পূরণ করেছেন, আমিও চেষ্টা করি তার শখ পূরণের। মায়ের শখ দেশ-বিদেশ ঘুরে বেড়ানোর। বহু দেশ ঘুরে দেখিয়েছি তাকে। আজীবন মায়ের আশীর্বাদের হাতটা যেন আমার মাথায় থাকে।


জিয়াউল ফারুক অপূর্ব
বাংলা নাটকের এই জনপ্রিয় অভিনেতা লিখেছেন, ‘আমার কাছে প্রতিটি দিনই মা দিবস। বাবা চলে গেছেন অনেক দিন হলো। তার অভাবটা কোনও দিন দূর হবে না। এখন মা আছেন মাথার ওপর ছায়া হয়ে, ভালোবাসা ও আশীর্বাদ হয়ে। আমার জীবনে মায়ের অবদান শতভাগ। দেশে কিংবা বিদেশে— যেখানেই থাকি মায়ের সঙ্গে একবার হলেও কথা বলি। বিপদে, আপদে, ভালো আর মন্দে— মায়ের ভালোবাসাই আমাকে শক্তি দেয়, সাহস যোগায়। মা আছেন বলেই আমার পৃথিবীটা এত সুন্দর।’


ওমর সানী
মা দিবসে চিত্রনায়ক ওমর সানী এক আবেগঘন পোস্ট শেয়ার করেন। তিনি ফেসবুকে লেখেন, ‘আজ আমার মা দুনিয়াতে নেই। বিশ্ব মা দিবসে অসীম ভালোবাসা আমার মায়ের জন্য। মা, আমি তোমাকে অনেক মিস করি।’

একবার শুটিং করতে গিয়ে চাবুকের আঘাতে পিঠে গুরুতর জখম হয়েছিল তার। বাসায় ফেরার পর ছেলের অবস্থা দেখে ভেঙে পড়েন মা। এক সাক্ষাৎকারে সেই ঘটনার স্মৃতিচারণ করেছিলেন ওমর সানী।

/মহু


  বিষয়:   তারকা  মা দিবস  ভালোবাসা 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: